NewsLab
News

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

By
Updated
12 views
ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কমুক্ত হয়, তাহলে তার দল নির্বাচনের ফলাফল অবশ্যই গ্রহণ করবে। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হয়, তাহলে কেন মেনে নেবো না? আমরা সব দলই মেনে নেবো। তবে একটি শর্ত আছে—নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে। জনগণ ভোট দিলে আজ থেকেই দেশে গণতান্ত্রিক সূচনা হতে পারে।”

তিনি আরও বলেন, “আমি ঢাকা শহরের কিছু কেন্দ্র পরিদর্শন করেছি। গত রাতেও যারা বাধা দেওয়ার চেষ্টা করেছে, তারা আজও নিশ্চয়ই সেই চেষ্টা চালাবে—যাতে জনগণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে। কারণ, গত এক যুগের বেশি সময় ধরে মানুষ এ অধিকার থেকে বঞ্চিত ছিল। মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে।”

সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা সকলে মিলে চেষ্টা করি, যাতে মানুষ শান্তিপূর্ণ ও সুন্দরভাবে তাদের অধিকার প্রয়োগ করতে পারে। আমরা সকলে মিলে প্রত্যাশিত বাংলাদেশ গঠনের উদ্যোগ নিতে পারি।”

জয়ের বিষয়ে তারেক রহমান বলেন, “আমরা আত্মবিশ্বাসী। আলহামদুলিল্লাহ, বিজয়ের ব্যাপারে আশাবাদী।” দেশের কত আসন পাওয়ার প্রত্যাশা আছে জানাতে চাইলে তিনি বলেন, “আমরা এতটুকুই প্রত্যাশা করি—যত আসন পেলে দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারব।”

জাতীয় সরকার গঠনের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, “যাদের সঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছি, কমবেশি সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চাই।”

ভোটের সারাদেশের পরিবেশ নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “আমি বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি। এখনও সারাদেশের সব খবর পাইনি। তবে ঢাকা শহরে যে পরিবেশ দেখেছি, সেখানে মানুষ অত্যন্ত উৎসবমুখরভাবে ভোট দিচ্ছে। তবে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে, যা আমরা চাই না।”

তিনি বলেন, “দেশের মালিক জনগণ। তারা যদি বের হয়ে অধিকার প্রয়োগ করে, ভোটের সংখ্যা যত বেশি হবে, সব দলের ষড়যন্ত্র তত প্রতিহত করা যাবে।”

ভোটের ফল গণনায় বিলম্বের সম্ভাবনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “ফল গণনায় দেরির কোনো কারণ দেখি না। সমগ্র দেশের মানুষ যেখানে ভোট দিয়েছে, সেখানে তারা দ্রুত ফল চায়। নির্বাচন কমিশন চেষ্টা করবে যত দ্রুত সম্ভব ফল জনগণের কাছে পৌঁছে দিতে।”